গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
শ্রীপুরে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় কালার অ্যান্ড কোং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থতার কারণ ও বর্তমান অবস্থা

শ্রমিকরা কেন অসুস্থ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, সাতজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া ৩০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, কারখানার ভেতরে নিয়মিত কাজ চলছিল। সকাল ১০টার কিছুক্ষণ আগে হঠাৎ পঞ্চম তলার সুইং বিভাগে কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। তাদের মাথা ঘোরা, পেটে তীব্র ব্যথা, বমি বমি ভাব ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই অন্যান্য বিভাগেও একই উপসর্গ নিয়ে আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে পাঠায়। একের পর এক শ্রমিক অসুস্থ হওয়ার খবরে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রমিকদের প্রতিক্রিয়া

সুইং অপারেটর মো. হাবিব বলেন, কাজ করা অবস্থায় হঠাৎ তার কয়েকজন সহকর্মী অসুস্থ হয়ে মেঝেতে বসে পড়েন। এরপর অন্যান্য অনেকেই একইভাবে অসুস্থ হতে থাকেন। তারা বিষয়টি দ্রুত কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে পাঠিয়েছে। আরেক শ্রমিক আশিক নুর বলেন, ‘এক মাস আগেও একই কারখানায় একজন শ্রমিক মারা গেছেন। তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আমরা নিরাপদ কর্মপরিবেশ চাই।’ অসুস্থ শ্রমিক শাহিনুর বলেন, ‘কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরতে শুরু করে। এরপর পেটে ব্যথা ও বমি বমি ভাব দেখা দেয়। পরে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা ও পুলিশের বক্তব্য

এর আগে গত ২৪ জুন একই কারখানায় রাতের পালায় কর্মরত অবস্থায় লিজা আক্তার (৩৬) নামের এক নারী শ্রমিক মারা যান। এ ঘটনার পরদিন সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, এরপর আরও অনেকে অসুস্থ হন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছে।