দেশের মোটরসাইকেল বাজার বর্তমানে একটি স্বাভাবিক অর্থনৈতিক সমন্বয়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিএফমটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন মামুন। উচ্চ মূল্যস্ফীতি, ভোক্তাদের ব্যয় সংকোচন ও সামগ্রিক অর্থনৈতিক চাপে বাজারে কিছুটা ধীরগতি দেখা গেলেও এটি সাময়িক পরিস্থিতি বলে মন্তব্য করেন তিনি।
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ব্র্যান্ড শক্তিশালী হবে
সিএফমটো দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য গ্রাহকদের বিশ্বমানের প্রযুক্তি, পারফরম্যান্স ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবাদানের মাধ্যমে একটি শক্তিশালী ব্র্যান্ড প্রতিষ্ঠা করা। বিশ্বের ১০০টির বেশি দেশে সফলভাবে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবা উন্নয়ন, যন্ত্রাংশের সহজলভ্যতা ও গ্রাহক অভিজ্ঞতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের সচেতন সিদ্ধান্ত
বর্তমান সময়ে গ্রাহকেরা অনেক বেশি সচেতন ও তথ্যনির্ভর সিদ্ধান্ত নিচ্ছেন। তারা এখন শুধু মূল্য বা সিসি নয়, বরং প্রযুক্তি, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা, ব্র্যান্ড ভ্যালু ও দীর্ঘমেয়াদি মালিকানার অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন বলে জানান মেজবাহ উদ্দিন মামুন। সিএফমটো এ জায়গায় অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছে।
আমাদের মোটরসাইকেলগুলোতে রয়েছে আধুনিক ডিজাইন, উন্নত ইলেকট্রনিকস সিস্টেম, এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, টিএফটি ডিসপ্লে ও মানসম্মত ইঞ্জিনিয়ারিং। ফলে তরুণ, প্রযুক্তিপ্রেমী ও পারফরম্যান্স-সচেতন রাইডারদের মধ্যে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যারা প্রিমিয়াম মোটরসাইকেল কিনতে চান, তারা সিএফমটোকে একটি শক্তিশালী বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন।
ইলেকট্রিক স্কুটার জিহোতে দীর্ঘমেয়াদি প্রত্যাশা
বিশ্বব্যাপী অটোমোটিভ শিল্পের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ধীরে ধীরে ইলেকট্রিক মোবিলিটির পথে হাঁটছে। ভবিষ্যৎ স্মার্ট মোবিলিটি ভিশনের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি, স্মার্ট কানেকটিভিটি, উচ্চ পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে সিএফমটোর জিহো হবে নগর পরিবহনের নতুন সমাধান বলে মনে করেন মেজবাহ উদ্দিন মামুন।
আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে দেশের শহরভিত্তিক দৈনন্দিন যাতায়াত, জ্বালানি ব্যয় সাশ্রয় ও পরিবেশগত সচেতনতায় টু-হুইলার শিল্পে ইভির গ্রহণযোগ্যতা বাড়বে। জিহোর মাধ্যমে দেশের ভবিষ্যৎ টেকসই মোবিলিটি ইকোসিস্টেম গড়ে তোলার যাত্রায় অংশ নিয়েছে সিএফমটো।
মূল্য নিয়ন্ত্রণে বৈশ্বিক সক্ষমতা
বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় কাঁচামালের মূল্যবৃদ্ধি, লজিস্টিক ব্যয় ও বৈদেশিক মুদ্রার ওঠানামা অটোমোটিভ শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। তবু গ্রাহকদের জন্য সর্বোচ্চ মূল্য নিশ্চিত করতে চায় সিএফমটো। প্রতিষ্ঠানের অন্যতম শক্তি বৈশ্বিক উৎপাদন সক্ষমতা ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে তারা।
প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, যন্ত্রাংশের সহজলভ্যতা, প্রযুক্তিগত সহায়তা ও গ্রাহকের সন্তুষ্টির ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
উচ্চ সিসির বাইকের অনুমোদন ও সম্ভাবনা
বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমোদন এ শিল্পের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন মেজবাহ উদ্দিন মামুন। এটি দেশের রাইডারদের জন্য আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পারফরম্যান্সভিত্তিক মোটরসাইকেলের নতুন সুযোগ তৈরি করেছে। দেশের অর্থনীতি ও অবকাঠামো যত উন্নত হবে, উচ্চ সিসির মোটরসাইকেলের চাহিদাও তত বাড়বে।
আধুনিক উচ্চ সিসির বাইকগুলোতে ডুয়েল-চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, স্ট্যাবিলিটি কন্ট্রোল ও ক্রুজ কন্ট্রোলের মতো বিশ্বের সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযুক্ত থাকে। সিএফমটোর ১৫০ সিসি থেকে ১০০০ সিসিরও বেশি ক্ষমতাসম্পন্ন বাইক আছে। সরকারের দূরদর্শী নীতির ধারাবাহিকতায় এই সিসি সীমা আরও সম্প্রসারিত হলে দেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও প্রিমিয়াম মোটরসাইকেল বিকাশ আরও ত্বরান্বিত হবে।
স্থানীয় সংযোজন ও উৎপাদনের পরিকল্পনা
দেশে বর্তমানে ১৬৫ সিসির ওপরে মোটরসাইকেল সিকেডি (সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায়) পদ্ধতিতে আমদানি ও স্থানীয়ভাবে সংযোজন করতে হয়। এই নীতিমালার আওতায় সিএফমটো ইতিমধ্যেই স্থানীয়ভাবে সংযোজন করছে। দেশের মোটরসাইকেল শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে স্থানীয় সংযোজন ও উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। বৃহৎ পরিসরে স্থানীয় উৎপাদন সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নীতি বাস্তবায়নের মাধ্যমে মোটরসাইকেল শিল্পের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নিতে হবে। এতে বাংলাদেশ ধীরে ধীরে একটি আঞ্চলিক মোটরসাইকেল উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। উপযুক্ত নীতিসহায়তা ও বাজারের ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভবিষ্যতে স্থানীয় সংযোজন কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে আগ্রহী সিএফমটো।



