আইডিএলসির ঋণ বিতরণপ্রক্রিয়া দ্রুত ও লালফিতামুক্ত: এম জামাল উদ্দিন
আইডিএলসির ঋণ বিতরণপ্রক্রিয়া দ্রুত ও লালফিতামুক্ত

আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম জামাল উদ্দিন বলেছেন, ব্যাংকের তুলনায় আইডিএলসির ঋণ বিতরণপ্রক্রিয়া অনেক দ্রুত ও লালফিতার দৌরাত্ম্যমুক্ত। গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট খোলা বা বারবার শাখায় যাওয়ার প্রয়োজন হয় না; বিদ্যমান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করা যায়। প্রত্যেক গ্রাহকের জন্য একজন নির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার (আরএম) নিয়োগ করা হয়, যিনি গ্রাহকের বাসা বা ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে নথিপত্র সংগ্রহ ও যাচাই করেন।

দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ

৭০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন এসএমই ঋণের ক্ষেত্রে ‘স্ট্রেইট থ্রু প্রসেসিং’ (এসটিপি) পদ্ধতি অনুসরণ করা হয়, যার মাধ্যমে যোগ্য গ্রাহকেরা মাত্র দু-তিন কার্যদিবসের মধ্যে ঋণ পেয়ে যান। সিআইবি যাচাইসহ প্রাথমিক মূল্যায়ন শুরুতেই করায় উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা

আইডিএলসির মোট এসএমই পোর্টফোলিওর প্রায় ১৫ শতাংশ নারী নেতৃত্বাধীন ব্যবসা। নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত পণ্য রয়েছে, যেমন ‘মৌসুমি ঋণ’-এ প্রথম তিন মাস শুধু সুদ পরিশোধ করতে হয়, মৌসুম শেষে মূল ঋণ দেওয়ার সুযোগ থাকে। ‘স্ট্রাকচার্ড ঋণ’-এ ব্যবসার আয় অনুযায়ী কিস্তি নির্ধারণ করা হয়। নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ সেবা ‘পূর্ণতা’, যার মাধ্যমে ফিমেল আরএম টিম এবং প্রতিটি শাখায় নির্ধারিত ডেস্কের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বছরে দুবার ‘পূর্ণতা উৎসব’ (এসএমই মেলা) আয়োজন করা হয় বাজার সংযোগ বাড়াতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নথিপত্রের বাধা দূরীকরণ

৬০% উদ্যোক্তা নথিপত্রের অভাবে ব্যাংকিং সেবার বাইরে থাকেন। আইডিএলসির আরএম টিম গ্রাহকদের ট্রেড লাইসেন্স, টিআইএন ও অন্যান্য নিয়ন্ত্রক নথি প্রস্তুত ও নবায়নে সহায়তা করে। নিয়মিত আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নীতিনির্ধারকদের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেন এম জামাল উদ্দিন। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স বা ডিজিটাল সনদ সংগ্রহ ইতিবাচক উদ্যোগ। পরিবেশগত ছাড়পত্র বা কারখানা লাইসেন্সের মতো প্রক্রিয়াগুলো আরও সহজ ও ডিজিটাল করা হলে এসএমই খাত শক্তিশালী হবে।

সক্ষমতা বৃদ্ধি ও বাজারজাতকরণে সহায়তা

আইডিএলসি প্রথম আলোর সঙ্গে যৌথভাবে ‘এসএমই পুরস্কার’ আয়োজন করে সফল উদ্যোক্তাদের স্বীকৃতি দিচ্ছে। নতুন ঋণগ্রহীতাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং ‘পূর্ণতা উৎসব’-এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং ও ব্র্যান্ড পরিচিতির সুযোগ করে দেওয়া হয়। কেরানীগঞ্জের শীতবস্ত্র প্রস্তুতকারকদের মতো বিভিন্ন ব্যবসায়িক ক্লাস্টারের জন্য বিশেষায়িত ক্লাস্টারভিত্তিক লোন সুবিধা দেওয়া হচ্ছে।

টেকসই প্রবৃদ্ধির পরামর্শ

বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে সিএমএসএমই খাতের টেকসই প্রবৃদ্ধির জন্য তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন এম জামাল উদ্দিন। প্রথমত, এসএমই খাতে অর্থপ্রবাহ বাড়াতে একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে অংশীদারত্বে ‘প্রবাহ’ নামের ব্লেন্ডেড ফাইন্যান্সিং মডেল চালু করা হয়েছে। দ্বিতীয়ত, এফ-কমার্স বিচ্ছিন্ন ব্যবসাগুলোকে ‘জাতীয় ই-কমার্স প্ল্যাটফর্ম’-এর আওতায় এনে সংগঠিত করতে হবে। তৃতীয়ত, সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।