সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান 'ফান্ডেডনেক্সট' মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের 'ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০' তালিকায় শীর্ষ ফিনটেক এবং সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সোমবার (২৯ জুন) এই অর্জনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নেক্সট ভেঞ্চারস গ্রুপ।
ডেলয়েটের স্বীকৃতি ও র্যাঙ্কিং প্রক্রিয়া
বিশ্বের 'বিগ ফোর' অডিটর ডেলয়েট কর্তৃক প্রণীত এই র্যাঙ্কিং গত চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে তৈরি হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের ২৪টি দেশের ৫০০টি দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানের 'ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০০' তালিকায় ১১তম স্থান পেয়েছে ফান্ডেডনেক্সট।
বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য
এই অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল্লাহ জায়েদ ও সৈয়দ আবদুল্লাহ গালিব প্রথম বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করলেন। ২০২২ সালে প্রতিষ্ঠিত ফান্ডেডনেক্সট বর্তমানে ১৭০টিরও বেশি দেশে সেবা প্রদান করছে। নেক্সট ভেঞ্চারসের পোর্টফোলিওতে 'এফএনমার্কেটস' নামক একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউজও রয়েছে।
অপারেশন ও কর্মসংস্থান
প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে এবং মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় অপারেশনাল হাব থাকলেও বাংলাদেশ ব্যাক-অফিস হিসেবে কাজ করছে। 'নেক্সট বাংলাদেশ লিমিটেড' পাঁচ শতাধিক কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করেছে এবং দেশের আইটি খাতে বৈদেশিক রেমিট্যান্স অর্জনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি।
এই অর্জন প্রসঙ্গে সিইও সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, 'ডেলয়েট ফাস্ট ৫০-এ স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত বিশেষ এবং গর্বের। কারণ এই র্যাঙ্কিংয়ে কোনো প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের সুযোগ নেই; এটি পুরোপুরি চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে গড়া একটি প্রতিষ্ঠান আজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দ্রুত বর্ধনশীল প্রযুক্তি সংস্থাগুলোর কাতারে সম্মানের সাথে উচ্চারিত হচ্ছে, যা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।'
ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এর বিস্তারিত ফলাফল ডেলয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে।



