বরগুনায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন
বরগুনায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিবরণ

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাজুরতলা গ্রিড সাবস্টেশন থেকে বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। রাতে হঠাৎ উপকেন্দ্রের ভেতরে বিকট শব্দ হয়। এরপরই ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। আগুন প্রায় এক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে এলেও স্টেশনের অন্যান্য ফিডার, বিদ্যুতের তার ও বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।

গ্রাহকদের ওপর প্রভাব

এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারণ ও মেরামত

মোহাম্মদ নাজমুল হাসান বলেন, 'রাতে আমরা অফিসেই ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়েছে। এছাড়া অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।'

মেরামতের কাজ শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। যে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কারণ বলা যাচ্ছে না বলে জানান মোহাম্মদ নাজমুল হাসান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ