‘ডাবল টাকা ভাউচার অফার’ দিয়ে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।
অভিযান ও গ্রেফতারি পরোয়ানা
গুলশান থানা সূত্রে জানা গেছে, ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গ্রেফতার হন মাশুকুর রহমান। এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান যুগান্তরকে জানান, মাশুকুর রহমানের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় ৩টি, মতিঝিল থানায় ৯টি এবং মোহাম্মদপুর থানায় ৯টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে একাধিক মামলা রয়েছে।
অর্থ পাচার ও গ্রাহক প্রতারণা
জানা যায়, আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট শপের মাধ্যমে ৩৫৮ কোটি টাকা মানি লন্ডারিং (অর্থ পাচার) হয়েছে। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে ২০১৯ সালের ৩১ জুলাই থেকে ২০২১ সালের ১৭ আগস্ট পর্যন্ত তিন বছর ব্যবসা করেছে ই-অরেঞ্জ। ১০ থেকে ১৫ দিনের মধ্যে ‘ডাবল টাকা ভাউচার অফার’ দিয়ে তারা অস্বাভাবিক কম দামে মোটরসাইকেল, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, টেলিভিশন ইত্যাদি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেয়।
এ সময় প্রতিষ্ঠানটি ৩ লাখ ১৫ হাজার ৫৭০ জন গ্রাহকের কাছ থেকে সমপরিমাণ লেনদেনের মাধ্যমে ৯৫৭ কোটি টাকা সংগ্রহ করেছে। অগ্রিম টাকা দিয়েও অনেকে পণ্য পাননি। আর এসব লেনদেনের অর্থই পাচার হয়েছে।



