চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ ২০২৬
চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ ২০২৬

২০ জুন চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে শুরু হচ্ছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। দেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক কর্মসংস্থান, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতেই এই আয়োজন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাক্কো।

সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অন্যতম অর্থনৈতিক ও শিক্ষাকেন্দ্র হিসেবে চট্টগ্রামের তরুণ জনশক্তি এবং ডিজিটাল খাতের সম্ভাবনাকে আরও গতিশীল করাই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য। সম্মেলনের আগে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি অ্যাকটিভিশন প্রোগ্রাম’ এর আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের বিপিও ও আইটিইএস শিল্প, ডিজিটাল দক্ষতা, বৈশ্বিক কর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করা হবে। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প খাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতাদের নিয়ে পলিসি ডায়ালগ সেশনও আয়োজন করা হবে।

সেমিনার ও আলোচনা সেশন

আয়োজকদের তথ্যমতে, সম্মেলন চলাকালে দেশের তথ্যপ্রযুক্তি, বিপিও ও আইটিইএস খাতের উদ্যোক্তা, নীতিনির্ধারক, শিল্প খাতের বিশেষজ্ঞ এবং সফল পেশাজীবীকে নিয়ে সেমিনার আয়োজন করা হবে। সেমিনারে তরুণদের দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের যুবসমাজের সম্ভাবনা ও ভূমিকা নিয়েও আলোচনা করা হবে, যা অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি অনুপ্রাণিত করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিপিও অলিম্পিয়াড

সম্মেলনে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে আয়োজন করা হবে বিপিও অলিম্পিয়াড। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধি, সমস্যা সমাধানের সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করা হবে। সম্মেলনের বিস্তারিত তথ্য জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।