বাংলা টিফিনে হামলার প্রতিবাদে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
বাংলা টিফিন হামলা প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির জেলা সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহসভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু বলেন, ‘বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তার ওপরও হুমকি। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের আর্থিক ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মানববন্ধনে ব্যবসায়ী ও শ্রমিকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে রাজশাহীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানান। এতে রেস্তোরাঁ মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বিনোদপুর বাজারে বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবারের বিল ও মান নিয়ে কথা বলাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রমজান নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে খাবারের মান ও বিল নিয়ে কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেস্তোরাঁর এক কর্মচারী মাংস কাটার চাপাতি নিয়ে তাকে মারতে উদ্যত হন। পরে তিনি স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যান। এরপর ওই ব্যক্তির সহযোগীরা এসে রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছেন।