বাংলা কিউআর লেনদেনে ১% ফি: গ্রাহক নয়, দোকানদার দেবেন
বাংলা কিউআর লেনদেনে ১% ফি: গ্রাহক নয়, দোকানদার দেবেন

বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে। নতুন এই সিদ্ধান্তের পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে— এই ফি কি গ্রাহকের কাছ থেকে কাটা হবে, নাকি দোকানদারের কাছ থেকে?

গ্রাহকের কাছ থেকে কোনো ফি কাটা হবে না

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ কাটা হবে না। একজন ক্রেতা যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তার ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ঠিক সেই পরিমাণ টাকাই কাটা হবে।

দোকানদারই দেবেন এমডিআর

এমডিআর বা সেবা ফি মার্চেন্ট (দোকানদার)-এর প্রাপ্য অর্থ থেকেই সমন্বয় করা হবে। অর্থাৎ, পেমেন্ট সম্পন্ন হওয়ার পর দোকানদারের হিসাবে জমা হওয়ার আগে নির্ধারিত ১ শতাংশ (ভ্যাটসহ) ফি কেটে নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদাহরণসহ ব্যাখ্যা

একটি উদাহরণ—ধরা যাক, একজন ক্রেতা বাংলা কিউআর স্ক্যান করে ১,০০০ টাকার পণ্য কিনলেন। ক্রেতার অ্যাকাউন্ট থেকে কাটা হবে ১,০০০ টাকা। দোকানদারের অ্যাকাউন্টে জমা হবে প্রায় ৯৯০ টাকা। বাকি প্রায় ১০ টাকা (ভ্যাটসহ ১% এমডিআর) সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পাবে। অর্থাৎ, ক্রেতাকে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। পুরো এমডিআর দোকানদারের পাওনা অর্থ থেকেই কেটে রাখা হবে।

প্রোমোশনের সুযোগ

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রচারণা বা প্রোমোশনাল কর্মসূচির আওতায় এই ফি কমাতে কিংবা সম্পূর্ণ নিজেদের পক্ষ থেকে বহন করতে পারবে। ফলে কোনো কোনো ক্ষেত্রে মার্চেন্টদের এই চার্জও দিতে নাও হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ