নির্বাচনী ছুটি শেষে রাজধানীর শপিং মলে ফিরেছে ক্রেতাদের ভিড়
ছুটি শেষে রাজধানীর শপিং মলে ক্রেতাদের ভিড়

নির্বাচনী ছুটি শেষে রাজধানীর শপিং মলে ফিরেছে ক্রেতাদের ভিড়

জাতীয় নির্বাচনের দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকার রাস্তায় ফিরেছে চিরচেনা ট্রাফিক জ্যাম। সেই সঙ্গে পুরোনো রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর শপিং মল ও বিপণিবিতানগুলো। গতকাল শুক্রবার থেকে রাজধানীর শপিং মল ও বিপণিবিতানগুলো খুললেও প্রথম দিন ক্রেতাসমাগম কম ছিল। তবে আজ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো বেড়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল থেকে ক্রেতারা কেনাকাটা শুরু করেছেন। এ ছাড়া নির্বাচন শেষে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় কেনাকাটার উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শেষ ছুটির দিনে কেনাকাটার উদ্দীপনা

আজ শনিবার শেষ ছুটির দিন হওয়ায় রোজার আগে অনেকেই কেনাকাটা করতে এসেছেন। তাছাড়া ভালোবাসা দিবসের প্রভাবে অনেকে পরিবার–পরিজন নিয়ে শপিং মলে ঘুরতে আসেন। তাই উপহারসামগ্রী ও প্রসাধনী কসমেটিকসের দোকানে নারী ক্রেতাদের আলাদা ভিড় চোখে পড়ে। এ ছাড়া কেনাকাটায় শাড়ি, পাঞ্জাবি ও অন্যান্য কাপড়ের দোকানেও বেশ ভিড় লক্ষ্য করা যায়। তবে ভিন্ন চিত্রও চোখে পড়ে। কিছু শপিং মলে এখনো সব কর্মচারী নিয়ে দোকান শুরু করতে পারেনি। কেউ আবার আজ থেকেই দোকান খুলেছে। তাই অনেক দোকানিকেই সকালে দোকান ধোয়ামোছা করে খুলতেও দেখা যায়।

বসুন্ধরা সিটি, নিউমার্কেট ও টোকিও স্কয়ারে সরেজমিন চিত্র

আজ শনিবার সরেজমিনে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট ও জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার শপিংমল ঘুরে এসব চিত্র দেখা যায়। মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার শপিংমলে বেলা ১১টায় গিয়ে দেখা যায়, এক দোকানে কর্মচারীরা দোকান পরিষ্কার করছে। আবার কিছু দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বেশির ভাগ দোকানে ক্রেতাদের বিভিন্ন পণ্য দেখাচ্ছেন। রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের সামনে যানবাহনের ভিড় লক্ষ্য করা যায়।

ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতিক্রিয়া

জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার শপিং মলের উইমেন্স ওয়ার্ল্ডের বিক্রয়কর্মী মো. পারভেজ বলেন, "গতকাল থেকে শপিং মল খোলা থাকলেও আজ ক্রেতাসমাগম বেশি। আজ শেষ ছুটির দিন হওয়ায় ক্রেতাদের কেনার আগ্রহও বেশি মনে হচ্ছে।" টোকিও স্কয়ার শপিং মলে কেনাকাটা করতে আসেন মোহাম্মদপুরের বাসিন্দা উজ্জ্বল কৈরি। উজ্জ্বল কৈরি বলেন, "বাসায় মেহমান এসেছে। তাদের জন্য উপহার হিসেবে কিছু জামাকাপড় কিনতে এসেছি। এ ছাড়া নিজেদের জন্য কিছু পছন্দ হলে কেনার পরিকল্পনা রয়েছে।"

দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে নিউমার্কেট যেতে সায়েন্স ল্যাব মোড় পেরোতেই নিউমার্কেটের সেই চিরচেনা জ্যাম দেখা যায়। ফুটপাত ও রাস্তায় ভ্যানে বিক্রি করা বিভিন্ন পণ্যের দোকানেও ছিল ভিড়। সব মিলিয়ে বলা যায় নির্বাচন শেষে পুরোনো রূপে ফিরতে শুরু করেছে নিউমার্কেট। রাজধানীর নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের সোলেমান ফ্যাশনের ব্যবস্থাপক মোহাম্মদ আলম বলেন, "ছুটির দিন হওয়ায় গতকাল থেকে মানুষ কেনাকাটা শুরু করে। আজও ছুটির দিন। তাই ক্রেতারাও এই ছুটি কাজে লাগাতে কেনাকাটা করতে আসছেন।"

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পরিবারসহ ক্রেতাদের উপস্থিতি

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টানা চার দিন বন্ধের পর আজ খুলেছে। শপিং মলে গিয়ে দেখা যায়, অনেকেই পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছেন। আবার ভালোবাসা দিবস হওয়ায় কেনাকাটা নিয়ে মানুষের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। তবে শাড়ির দোকানে তুলনামূলক নারীদের বেশি ভিড় দেখা যায়। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের শাড়ির দোকান জ্যোতির ব্যবস্থাপক মনসুর আলী বলেন, "অন্যান্য দিনের মতো এখনো বেচাকেনা সেভাবে শুরু হয়নি। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রেতা বাড়ছে। যেহেতু ছুটির দিন, তাই বিকেলে ক্রেতাদের সমাগম বাড়বে।"