গাজীপুরের শ্রীপুরে বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কামাল ফকির, সিয়াম, শাহিন, শান্ত ও শ্যামল। দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভন্ডারি ও তার ভাই মামুন দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। শনিবার (৯ মে) তারা ৭২ হাজার টাকার মালামাল নেন, যার মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা পরিশোধে মঙ্গলবার আসার কথা ছিল। তবে টাকা চাইলে উত্তেজিত হয়ে তারা প্রথমে কর্মচারীদের মারধর করে। পরে রাতের দিকে ৩০–৪০ জন নিয়ে এসে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি আরও জানান, হামলাকারীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



