শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিমের মুনাফা কমেছে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মুনাফা কমে দাঁড়িয়েছে ১১২ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ২৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ১৯ শতাংশ কমে গেছে।
লাফার্জহোলসিমের আজ মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সভা শেষে কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে আর্থিক প্রতিবেদনের এসব তথ্য জানানো হয়েছে।
বিক্রি কমেছে, উৎপাদন খরচ বেড়েছে
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুনাফা কমে যাওয়ার প্রধান কারণ বিক্রি কমে যাওয়া। গত বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি যেখানে ৮৫১ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে চলতি বছরের প্রথম তিন মাসে ব্যবসা করেছে ৮০৪ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৪৭ কোটি টাকার বা প্রায় সাড়ে ৫ শতাংশ।
বিক্রি কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচও বেড়েছে। গত বছর ৮৫১ কোটি টাকার ব্যবসার বিপরীতে কোম্পানিটির পণ্য উৎপাদনে খরচ হয়েছিল ৬০৬ কোটি টাকা। সেখানে এ বছর ৮০৪ কোটি টাকার ব্যবসার বিপরীতে উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬১৭ কোটি টাকা। তাতে পরিচালন মুনাফা গত বছরের চেয়ে ৫৯ কোটি টাকা কমে দাঁড়ায় ১৮৭ কোটি টাকায়।
সুদ আয় বেড়েছে, ব্যয় কমেছে
আর্থিক প্রতিবেদনে বিশ্লেষণে দেখা যায়, পরিচালন মুনাফা কমলেও সুদ বাবদ আয় বেড়েছে। সেই সঙ্গে কমেছে ব্যাংকঋণের সুদ বাবদ ব্যয়ও। চলতি বছরের প্রথম তিন মাসে সুদ বাবদ কোম্পানিটি আয় করেছে প্রায় ১৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সুদ বাবদ আয় ১০ কোটি টাকার বেশি বেড়েছে। আর একই সময়ের ব্যবধানে ব্যাংকের সুদ বাবদ কোম্পানিটির ব্যয় কমেছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে সুদ বাবদ লাফার্জহোলসিমের ব্যয় হয় দেড় কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০ কোটি টাকার বেশি।
সিইওর মন্তব্য
কোম্পানির বিক্রি কমে যাওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইকবাল চৌধুরী বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে এ বছরের শুরুতে কোম্পানির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। অর্থনৈতিক কঠিন পরিস্থিতির মধ্যেও বিক্রি বাড়তে নতুন পণ্য বাজারে এনেছি আমরা। এর মধ্যে হোলসিম কোস্টাল গার্ড এবং পাওয়ারক্রিট নামে নতুন দুটি বিশেষায়িত পণ্য বাজারে এসেছে। আশা করছি যার সুফল আগামী দিনগুলোতে পাওয়া যাবে।’
শেয়ারবাজারে প্রভাব
এদিকে আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনে আজ মঙ্গলবার শেয়ারবাজারে লাফার্জহোলসিমের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। এদিন ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৫০ টাকা। মঙ্গলবার ঢাকার বাজারে কোম্পানিটির প্রায় সোয়া এক লাখ শেয়ারের হাতবদল হয়।



