অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী
অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছেন, তাদেরকে মূলধারায় আনা নাগরিক হিসেবে সবার অধিকার। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে।

‘রেইজ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, যেকোনো প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে, যা পূরণ না করলে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে না। পিকেএসএফ ভালো কাজ করছে এবং এর কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় বিষয় সরকার বিবেচনা করছে।

স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি

দেশের স্বাস্থ্যসেবার ব্যয় আফগানিস্তানের চেয়েও বেশি উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হবে এবং এসব সেবা জনগণের নাগালে আনার উদ্যোগ নেওয়া হবে। সরকার দেশের অবশিষ্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনা কার্যকরভাবে কাজে লাগাতে চায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হস্তশিল্প ও ডিজাইনের গুরুত্ব

বিশ্ববাজারে হস্তশিল্পের বড় সম্ভাবনা থাকলেও বাংলাদেশ সেই বাজার ধরতে পারছে না বলে জানান অর্থমন্ত্রী। দেশের ঐতিহ্যবাহী শীতলপাটি এখনও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারেনি, কারণ এ খাতে পরিকল্পিতভাবে কাজ করা হয়নি। একটি ভালো ডিজাইন পণ্যের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে, তাই ডিজাইনের পাশাপাশি আন্তর্জাতিক মানের মার্কেটিং কৌশলও জরুরি। সরকার এসব দিকে গুরুত্ব দিতে চায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিউজিক, থিয়েটার ও খেলাধুলার সম্ভাবনা

বাংলাদেশের মিউজিক ও থিয়েটারও বড় সম্ভাবনাময় খাত, কিন্তু সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে সেগুলো আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এশিয়ার বিভিন্ন দেশ অ্যামাজনের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের পণ্য ও সংস্কৃতি বিশ্ববাজারে তুলে ধরছে। বাংলাদেশকেও দ্রুত সেই পথে এগোতে হবে। খেলাধুলাকেও বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার মানুষ খেলা দেখতে আসে, যা জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কিন্তু এ খাতেও প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভূমিকা

অর্থমন্ত্রী বলেন, নারীরা পুরো পরিবার আগলে রাখেন এবং সঞ্চয় করতে জানেন। তাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। এই অর্থ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ সৃষ্টি করবে। একইভাবে কৃষক কার্ডও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।