ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত ৭, চালক নিহত
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত ৭, চালক নিহত

ফরিদপুরে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ওই ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা আরও দুজন আহত হন। স্থানীয়দের দাবি, ট্রাকটির ধাক্কায় অন্তত ৭ জন আহত হন।

ঘটনার বিবরণ

শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী সালথা উপজেলার বালিয়াগট্টি বাজার এলাকায় প্রথমে ট্রাকটির ধাক্কায় অন্তত ছয় জন আহত হন। এরপর স্থানীয়রা মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া দেন। এ সময় রসুলপুর-তালমা আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাকটি আরও বেপরোয়া গতিতে ছুটতে থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এক পর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরও কয়েকজনকে আহত করে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়।

জনতার প্রতিক্রিয়া

এরপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক হান্নান, হেলপার নাঈম (২২) ও আল আমিনকে (২৫) টেনে নামিয়ে মারধর করে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ

খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। শুনেছি ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।