এপেক্স ফুটওয়্যারের ব্যবসা ১৪% বেড়ে ৬১৬ কোটি টাকা
এপেক্স ফুটওয়্যারের ব্যবসা বেড়েছে ১৪ শতাংশ

চলতি বছরের প্রথম তিন মাসে দেশীয় জুতার বাজারের শীর্ষস্থানীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যার ৬১৬ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটি ৫৪০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৭৬ কোটি টাকা বা ১৪ শতাংশ।

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন

গত সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। একই সভায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই–মার্চ) আর্থিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়। দেখা যায়, প্রথম ৯ মাসে কোম্পানিটি ১ হাজার ৫৫৯ কোটি টাকার ব্যবসা করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ১ হাজার ৩৬৯ কোটি টাকার তুলনায় ১৯০ কোটি টাকা বা প্রায় ১৪ শতাংশ বেশি।

মুনাফার প্রবৃদ্ধি

ব্যবসা বাড়লেও মুনাফা ততটা বাড়েনি। এর প্রধান কারণ উৎপাদন ও ব্যাংকঋণের সুদ বাবদ খরচ বেড়ে যাওয়া। চলতি বছরের প্রথম তিন মাসে সব খরচ বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে এক কোটি টাকার কিছুটা বেশি, যা আগের বছরের একই সময়ের ৯৭ লাখ টাকার তুলনায় সোয়া ৯ শতাংশ বেশি। প্রথম ৯ মাস শেষে মুনাফা হয়েছে ৯ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল প্রায় সাত কোটি টাকা। সেই হিসেবে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ২৮ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খরচের চিত্র

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ৬১৬ কোটি টাকার ব্যবসার বিপরীতে উৎপাদন খরচ ছিল ৪৮৮ কোটি টাকা, অর্থাৎ আয়ের ৭৯ শতাংশ। গত বছরের একই সময়ে উৎপাদন খরচ ছিল প্রায় ৭৭ শতাংশ। পরিচালন ও সুদ বাবদ খরচও বেড়েছে দুই কোটি টাকা করে। পরিচালন খরচ ১০১ কোটি টাকা থেকে বেড়ে ১০৩ কোটি টাকা এবং ঋণের সুদসহ আর্থিক খরচ ১৫ কোটি টাকা থেকে বেড়ে ১৭ কোটি টাকা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদের প্রভাব

কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি বছরের মার্চে ঈদুল ফিতর উপলক্ষে জুতার ব্যবসা ও বিক্রি বেড়েছে। তবে খরচ বেশি বেড়ে যাওয়ায় মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়নি।

শেয়ারবাজারে প্রভাব

আয় ও মুনাফা বাড়লেও শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব পড়েনি। বরং শেয়ারের দাম কমেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এপেক্স ফুটওয়্যারের প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বা প্রায় ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০২ টাকা ৬০ পয়সা।