সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্ণালংকার ছিনতাইয়ের উদ্দেশে এক নারী মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিচয়
নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) মাগুরা কুলুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি স্থানীয় বউবাজার এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার বিবরণ
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার সন্ধ্যায় বীথিকা রানী বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হত্যা করে লাশ পাশের একটি পুকুরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন এবং কানে দুল ছিল, যা ছিনিয়ে নেওয়ার উদ্দেশেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের কার্যক্রম
সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



