বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাস ভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই। সরকার জ্বালানির বিষয়ে নজরদারি বাড়িয়েছে। কেউ পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে।
শিল্প পল্লি পরিদর্শন
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আব্দুল মুক্তাদির বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে, ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় কারণ।
শিল্প প্লট সমস্যা সমাধান
তিনি বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাকি যে প্লটগুলো আছে সেগুলো কিছু স্থানীয়দের দখলে আছে। এ সমস্যাগুলো আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
নতুন বিনিয়োগকারীদের প্রতি আহ্বান
এ সময় মন্ত্রী আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান।
কারখানা ও মেলা পরিদর্শন
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লির বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জের চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন।



