সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ.ই. মি. মার্কাস লেইটনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি নেস্লে বাংলাদেশ পিএলসির কারখানা পরিদর্শন করেছে। সোমবার (১ জুন) গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্লের একমাত্র কারখানাটি পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মি. রেটো রেংলি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নেস্লে বাংলাদেশের অবদান
এই সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেস্লে বাংলাদেশের অবদান, বিশেষ করে স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরা হয়। ফ্যাক্টরি পরিদর্শনের সময় প্রতিনিধিদল নেস্লের বিশ্বমানের উৎপাদন ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষত ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রমের উৎকর্ষতা তাদের দৃষ্টি আকর্ষণ করে, যা আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা এবং উৎকর্ষতার প্রতি নেস্লের অঙ্গীকারের প্রতিফলন।
স্থানীয় উৎপাদন খাতে ভূমিকা
প্রতিনিধিদল উল্লেখ করেন যে, শ্রীপুর ফ্যাক্টরিটি একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে একটি সুইস প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি স্থানীয় উৎপাদন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নেস্লে বাংলাদেশ-এর ‘ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু’ (Creating Shared Value) উদ্যোগের মাধ্যমে পুনরুজ্জীবনমূলক কৃষি (Regenerative Agriculture), পুষ্টি এবং তরুণদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে, যা বর্তমানে ২০ হাজারের বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার
উভয়পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং বাংলাদেশে অব্যাহত বিনিয়োগ ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি উৎসাহিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সফরটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।



