ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের খামারে বিভিন্ন জাতের কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এলবিনো জাতের মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে, বেশ সাড়া ফেলেছে। তবে মহিষটি ৫৫০ টাকা কেজিতে লাইভ ওয়েটে ৩ লাখ ৭৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। এটিকে রাজধানীর জিনজিরায় নিয়ে যাওয়া হয়েছে বলে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক সূত্রে জানা গেছে।
মহিষটির ডেলিভারি ও বিক্রি
বিষয়টি নিশ্চিত করে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার রাতে ডেলিভারি দেওয়া হয়েছে। ট্রাম্পকে দেখতে প্রতিদিন অনেক লোকজন খামারে ভিড় করতো, এতে ডোনাল্ড ট্রাম্পের ওজন অনেকটা কমে গেছে। এ কারণে একটু তড়িঘড়ি করে ডেলিভারি দেওয়া হয়েছে। ফরিদুজ্জামান স্মরণ নামে ঢাকার জিনজিরার এক ব্যবসায়ী তাকে কিনে নিয়েছেন দেড় মাস আগে।
তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পকে আরও কিছুদিন পর ডেলিভারি দেওয়ার কথা ছিল। তবে নানা কারণে ট্রাম্পকে তড়িঘড়ি করে গতকাল রাতে ডেলিভারি দেওয়া হয়েছে। ডেলিভারি দেওয়ার সময় ট্রাম্পের ওজন হয়েছিল ৬৯০ কেজি, সে হিসেবে ৫৫০ টাকা কেজিতে দাম হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল আসার গুঞ্জন
ডোনাল্ড ট্রাম্পকে দেখতে খামারে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল আসার বিষয়ে তিনি বলেন, মহিষটির নামকরণের শুরুর দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল পরিদর্শনে আসবে। তবে এখন তো সেই সুযোগ নেই। কারণ ট্রাম্পকে ইতোমধ্যে ডেলিভারি দেওয়া হয়েছে।
এদিকে গুঞ্জন উঠেছিল নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে ডোনাল্ড ট্রাম্প নামে মহিষটি দেখতে আমেরিকান অ্যাম্বাসি থেকে একটি প্রতিনিধি দল আসছে। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়তে নানা আলোচনা শুরু হয়।
তবে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইউনুস আলী ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বিষয়টি অস্বীকার করেন। তারা বলেন, আমেরিকান অ্যাম্বাসি থেকে প্রতিনিধি দল আসার তথ্য আমার কাছে নেই।
খামারে দর্শনার্থীদের ভিড়
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ কোরবানির পশুর পাশাপাশি দেখা মিলছে ব্যতিক্রমী এই গোলাপি মহিষের। খামারি তার নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রতিদিন আকর্ষণীয় মহিষটি দেখতে আশপাশের উৎসুক জনতা ভিড় করছেন।
মহিষটি দেখতে আসা দর্শনার্থী লুবনা আক্তার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে দেখে খুব ভালো লাগছে। মহিষটির মাথার চুল দেখতে অনেকটা ট্রাম্পের মতো। এত মিল কী করে হয় তা বুঝতে পারছি না।’ আরেক দর্শনার্থী রানী আক্তার বলেন, ‘ফেসবুকে মহিষটির ছবি ও ভিডিও দেখে খুব অবাক হয়েছি। মহিষটির হেয়ার স্টাইল দেখতে অনেকটা ট্রাম্পের মতো। তবে ট্রাম্পের মাথা গরম হলেও মহিষটির মাথা ঠান্ডা।’
মহিষটির নামকরণ ও বৈশিষ্ট্য
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এরপর খামারে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে। মহিষটি ইতোমধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।
নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার কারণ জানতে চাইলে খামারের মালিক জিয়া উদ্দিন বলেন, ‘মহিষটির মাথার সামনের চুল অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আমরা ওর নাম রেখেছি ডোনাল্ড ট্রাম্প। বয়স প্রায় চার বছর। দেখতে যেমন আকর্ষণীয়, স্বভাবও তেমন শান্ত। এটি এলবিনো জাতের মহিষ। এই জাতের মহিষ সাধারণত শান্ত প্রকৃতির হয়। উত্ত্যক্ত না করলে সহজে আক্রমণাত্মক আচরণ করে না। খুব শান্ত স্বভাবের।’
খামারের অন্যান্য তথ্য
খামার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে এই খামার পরিচালনা করে আসছেন খামারি। এ বছর দুই শতাধিক কোরবানিযোগ্য পশু রয়েছে। মহিষ, গরু, ছাগল, ভেড়া রয়েছে। এগুলো বিক্রি হয়ে গেছে। তবে সবার আগ্রহের কেন্দ্র এখন গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রতিদিন অসংখ্য কৌতূহলী মানুষ শুধু একনজর দেখতে ভিড় করছেন খামারটিতে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘এবার নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর চাহিদা এক লাখ তিন হাজার। আর ছয় হাজার ৫৩৫টি খামারে কোরবানিযোগ্য পশু রয়েছে এক লাখ ১৩ হাজার। সে হিসাবে ১০ হাজার পশু উদ্বৃত্ত আছে।’



