ভোলায় ২ কেজি ৬০০ গ্রামের রাজা ইলিশ ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি
ভোলায় ২ কেজি ৬০০ গ্রামের রাজা ইলিশ ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি

ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি রাজা ইলিশ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

কীভাবে ধরা পড়ল রাজা ইলিশ

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্থানীয় রহমান মাঝি ৭-৮ জন মাঝিমাল্লা নিয়ে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরতে জাল ফেলেন। ঘণ্টাখানেক পর জাল টেনে ট্রলারে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও তাদের জালে ধরা পড়ে।

নিলামে বিক্রি ও ক্রেতার প্রতিক্রিয়া

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে বেশ কয়েকজন আড়ৎদার নিলামে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দামে মৎস্য ব্যবসায়ী আলম ব্যাপারী মাছটি কিনে নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাছটির ক্রেতা মো. আলম বলেন, “সচরাচর এতো বড় নদীর ইলিশের দেখা মেলে না। কৌতূহলবশত ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ১১ হাজার ৬০০ টাকা আমি কিনেছি। এটি বিক্রির জন্য ঢাকা পাঠাব, আশা করছি সর্বনিম্ন ১৪ থেকে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারব।”

মৎস্য কর্মকর্তার মন্তব্য

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে গত মার্চ-এপ্রিল দুই মাসের সরকারি নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন জেলেরা। এতে জেলেরা নদীতে জাল ফেলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাচ্ছেন। এর পরিমাণ আগামীতে আরও বাড়বে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ