শরিয়াহভিত্তিক সরকারি সিকিউরিটিজ সুকুক বন্ডে বিনিয়োগ আরও সহজ ও অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিভিন্ন সেবার মাশুল কাঠামো নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা জারি
সোমবার (৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের ডেটা ম্যানেজমেন্ট বিভাগ এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নতুন বিধানে নির্দিষ্ট মাশুল পরিশোধ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই ‘সুকুক ইনভেস্টর আইডি’ খোলার সুযোগ রাখা হয়েছে।
মাশুল কাঠামো নির্ধারণ
নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সুকুক আইডি খোলা, প্রাথমিক নিলামে অংশগ্রহণ এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ— প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা (ভ্যাটসহ) মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে একই খাতে সর্বোচ্চ মাশুল ৫০০ টাকা।
এ ছাড়া সেকেন্ডারি মার্কেটে প্রতি লেনদেনের জন্য ১০০ টাকা মাশুল প্রযোজ্য হবে। বছরে একটি আয়কর সনদ বিনা মূল্যে পাওয়া যাবে, অতিরিক্ত প্রতিটি সনদের জন্য ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৫০০ টাকা মাশুল নির্ধারণ করা হয়েছে।
যেসব সেবা মিলবে বিনা মূল্যে
বিনিয়োগকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেবা সম্পূর্ণ মাশুলমুক্ত রাখা হয়েছে। সুকুক থেকে প্রাপ্ত মুনাফা, ভাড়া বা আসল পরিশোধে কোনও ধরনের চার্জ নেওয়া যাবে না। পাশাপাশি বিনিয়োগের পরিমাণ বা হোল্ডিং রিপোর্ট সংগ্রহ এবং সুকুক আইডি বন্ধ করতেও কোনো মাশুল দিতে হবে না।
বিনিয়োগ প্রক্রিয়া
নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ‘গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট উইন্ডো’-তে আবেদন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের শরিয়াহভিত্তিক সিকিউরিটি মডিউলের মাধ্যমে আইডি খোলা হবে।
ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে আবেদন ফরম, ব্যাংক হিসাবের তথ্য, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ছবি, প্রয়োজনে ইটিআইএন এবং নমিনির তথ্য জমা দিতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ক্ষেত্রে দেশীয় মুদ্রার হিসাবসংক্রান্ত তথ্য প্রয়োজন হবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নিবন্ধন সনদ, পরিচালনা পর্ষদের অনুমোদন এবং অনুমোদিত স্বাক্ষরকারীর কাগজপত্র জমা দিতে হবে।
লক্ষ্য ও গুরুত্ব
কেন্দ্রীয় ব্যাংক বলছে, সুকুক বিনিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যেহেতু এটি একটি সরকারি বিনিয়োগ মাধ্যম, তাই এতে মূলধনের নিরাপত্তা নিশ্চিত থাকে— যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।



