ঈদুল আজহায় এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ঈদুল আজহায় এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক এটিএম বুথ পরিচালনায় বিশেষ নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়।

এটিএম বুথে পর্যাপ্ত টাকা ও নিরবচ্ছিন্ন সেবা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় গ্রাহকদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের নির্দেশ

এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। বুথে কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে এবং পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বুথে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত বুথ পরিদর্শন করতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিওএস ও কিউআর কোড সেবা

পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস ও কিউআর কোড সেবা নিশ্চিত করতে হবে। জালজালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন-পেমেন্ট

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। একই সঙ্গে এমএফএস সেবায় সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা ও এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রাহক সুরক্ষা ও হেল্পলাইন

ঈদের ছুটিকালীন নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে গ্রাহক হয়রানি রোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা প্রদানের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। যে কোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

এ নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।