সাব্বীর আহমেদ চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের সংগঠন দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির অংশীদার।
নতুন কমিটির দায়িত্বকাল
নবনির্বাচিত সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নিয়াজ মোহাম্মদ, আলা উদ্দিন, আসিফুর রহমান ও মোহাম্মদ রেদওয়ানুর রহমান। গতকাল মঙ্গলবার আইসিএবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির তথ্য জানানো হয়েছে।
সাব্বীর আহমেদের অভিজ্ঞতা
আইসিএবি জানায়, নতুন সভাপতি সাব্বীর আহমেদ বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান বিগ ফোরের একটিতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে কাজ করেছেন। সব মিলিয়ে ১২ বছরের বেশি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাসহ তিন দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সহসভাপতিদের পরিচিতি
সহসভাপতি নিয়াজ মোহাম্মদ গ্র্যান্ট থর্নটন ইন্টারন্যাশনালের সদস্য ফার্ম হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানির জ্যেষ্ঠ অংশীদার। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে নিরীক্ষা, অ্যাসুরেন্স ও ব্যবসায় পরামর্শ সেবা দিয়ে আসছেন।
আরেক সহসভাপতি আলা উদ্দিন বর্তমানে মেটলাইফ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত আছেন। রবি আজিয়াটা, নোভারটিস বাংলাদেশ, গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাংলাদেশের শীর্ষ পদে আর্থিক ব্যবস্থাপনায় তাঁর ২২ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।
সহসভাপতি আসিফুর রহমান বর্তমানে নিরীক্ষা প্রতিষ্ঠান হোসেন ফরহাদ অ্যান্ড কোংয়ের অংশীদার। তিনি নিরীক্ষা, অ্যাসুরেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স রিভিউ এবং ইন্টারনাল কন্ট্রোল বিষয়ে বিশেষজ্ঞ। মেটলাইফ বাংলাদেশের ফিন্যান্স কন্ট্রোলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে তাঁর ২৫ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
সহসভাপতি মোহাম্মদ রেদওয়ানুর রহমান বর্তমানে রেদওয়ান রহমান অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার। এর আগে তিনি মেটলাইফ বাংলাদেশ, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস, ইউনিয়ন ক্যাপিটাল এবং কেপিএমজি বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।
আইসিএবির নির্বাচন প্রক্রিয়া
জানা যায়, আইসিএবিতে প্রতি তিন বছর অন্তর সদস্যদের ভোটে ২০ সদস্যের কাউন্সিল কমিটি নির্বাচিত হয়। সেখান থেকে প্রতিবছরের জন্য ৫ জনের পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করে।



