নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (১৫ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
ইসলামী ব্যাংকে কি গ্রাহকের আস্থা ফিরবে?
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক এবং সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত কয়েক সপ্তাহ ধরে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে গেছে। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক, গ্রাহকদের বিক্ষোভ, ব্যাপক অঙ্কের আমানত উত্তোলন এবং তারল্য সংকট— সব মিলিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা শুধু একটি ব্যাংকের নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
৬৩ ঘণ্টা সীমান্তে আটকে থাকা ব্যক্তির আকুতি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের ‘পুশইনের’ ফলে শূন্যরেখায় আটকে পড়া ভুক্তভোগীদের অসহায়ত্ব ও কষ্ট দেখে তাদের খাবার সরবরাহ করেছে বাংলাদেশি দুই জন। এদিকে সীমান্তে আটকে পড়া ৫০ বছর বয়সী একজন আকুতি জানিয়ে বলেন, ‘আপনাদের আছে অনুরোধ, আমাদের একটা সুব্যবস্থা করেন। আমাদের জীবনডা একটু বাঁচান’। রবিবার (১৪ জুন) বিকালে স্থানীয় এক বাসিন্দার কাছে তিনি এ আবেদন করেন।
ইরান-মার্কিন চুক্তি কি মেনে চলবে ইসরায়েল?
১০০ দিনেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি ‘বড় ধরনের চুক্তি’র ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় অবিলম্বে সব ধরনের বৈরিতা ও সামরিক অভিযান বন্ধ হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেসির ক্ষুধা অন্যদের চেয়ে আলাদা
কানসাস সিটিতে আলজেরিয়া ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার নিজের রেকর্ড গড়বেন মেসি। আগে থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবারও সবার দৃষ্টি মেসির দিকেই।
রণবীরের নতুন গাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে!
বলিউড অভিনেতা রণবীর সিং আবারও তীব্র আলোচনায় উঠে এসেছেন। তবে এবার কোনো নতুন সিনেমার ঘোষণা বা অভিনয়ের জন্য নয়, বরং তার বিলাসবহুল জীবনযাত্রায় যুক্ত হওয়া এক নতুন সুপারকারের খবর নিয়ে। প্রায় ৬ কোটি ৩৬ লাখ রুপি মূল্যের একটি নতুন ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড ফেরারির গাড়ি কিনেছেন এই অভিনেতা।



