আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা
দেশের সব তফসিলি ব্যাংককে আগামী ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ (বিআরপিডি) বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
ব্যাংকগুলোর জন্য প্রয়োজনীয় কর্মসূচির আহ্বান
বিজ্ঞপ্তিতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকিং খেত্রে দিনটি সঠিকভাবে পালনের জন্য উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোকে এ উপলক্ষে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের জন্য বলা হয়েছে। এ বছরের জন্য আন্তর্জাতিক নারী দিবসের থিম নির্ধারণ করা হয়েছে – “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, নারী ও কিশোরীর অধিকার সুরক্ষিত হোক।”
ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর প্রচার ও কার্যক্রমে থিমের প্রতিফলন
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে তাদের সব কর্মসূচি ও প্রচারমূলক কার্যক্রমে এই থিমটি বিশেষভাবে তুলে ধরতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীন নিয়ন্ত্রণমূলক ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে, জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি পালনের জন্য ব্যাংকগুলোকে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগের এই বিজ্ঞপ্তি ব্যাংকিং খাতে নারী অধিকার ও সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার অগ্রগতিতে ব্যাংকিং খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশনার মাধ্যমে ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে নারী বিষয়ক পদক্ষেপগুলো আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
