আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার ও দলীয়ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টার্ট-আপ ফান্ড উদ্বোধন
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) আয়োজিত ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড-১’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের দুটি বড় বাধা হলো তহবিলের অভাব এবং জামানতসংক্রান্ত জটিলতা। এসব সমস্যা দূর করতে সরকার কাজ করছে।
ফান্ডের গুরুত্ব
তিনি আরও বলেন, নতুন এই ফান্ড শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার বড় উদ্যোগ। ভবিষ্যতে এ তহবিল আরও সম্প্রসারিত হবে, যা প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, আগামী প্রজন্মের অর্থায়নে স্টার্ট-আপ কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য এমন প্রকল্প বাছাই করতে হবে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম।



