বাগেরহাটের মোংলা বন্দরে ভারত থেকে আসা চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান পৌঁছেছে। শুক্রবার (২৬ জুন) রাতে পাঁচ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করে ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
তৃতীয় প্যাকেজের শেষ চালান
বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। মোট ৫০ হাজার মেট্রিক টন চালের চুক্তি হয়েছিল। শেষ চালানে আসা চালের শনিবার (২৭ জুন) সকালে ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর রবিবার (২৮ জুন) বিকাল থেকে মোংলা বন্দরে খালাস করা হবে।’
আমদানি প্রক্রিয়া
আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে তা পর্যায়ক্রমে মোংলা বন্দরে এসেছে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে পর্যায়ক্রমে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছালে তা খালাস করে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রথম চালান ও চুক্তির বিবরণ
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান এসেছিল। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে আসে এই চালান। জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হয় মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হয় চট্টগ্রাম বন্দরে।



