দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। রোববার (২৮ জুন) চলতি জুন মাসের শেষ চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
পাম্পিং শুরু ২৬ জুন
এ চালানের জন্য গত ২৬ জুন ভারতের নুমালীগড় ফুয়েল টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং শুরু করা হয়েছিল। এর আগে গত মে মাসে দুই দফায় মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর ডিপোতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ইনচার্জ হাবিবুর রহমান।
নিয়মিত আমদানির অংশ
এর আগে চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে পাম্পিং শুরু হয় এবং ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-ভারত চুক্তির আওতায় নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি করা হচ্ছে।
এপ্রিলে তিন দফায় ৪৪ হাজার টন
এর আওতায় গত এপ্রিল মাসে তিন দফায় মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। এরপর গত ২১ মে প্রথম চালানে আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পৌঁছানো ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালানটি চলতি জুন মাসের শেষ চালান।



