যুক্তরাষ্ট্রের ছাড়ে রাশিয়া থেকে সাশ্রয়ী তেল আমদানি নিয়ে আলোচনা চলছে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জানিয়েছেন, রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড়ের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।
ভারতের সাথে সম্পর্ক ও শেখ হাসিনা প্রসঙ্গ
হুমায়ুন কবির আরও উল্লেখ করেন, শেখ হাসিনা পালিয়ে গেছে এবং তিনি যাতে ভারত থেকে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারেন, সে বিষয়ে ভারত নিশ্চিত করলে আমাদের মধ্যে সম্পর্কেও কোনো বাধা নাই। তিনি বলেন, গত দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সঙ্গে। সম্পর্ক করতে হবে দুদেশের জনগণের মধ্যে।
হাদির খুনিদের গ্রেফতার প্রসঙ্গ
তিনি বলেন, হাদির খুনিদের গ্রেফতারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। তবে খুনিদের দেশে ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে।
শুক্রবার বিকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির এসব কথা বলেন।
