নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার বিবরণ
শনিবার (১০ মে) ভোর ৬টা ৫৫ মিনিটে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।
উদ্ধার ও চিকিৎসা
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
তদন্ত ও কারণ
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে থাকা রান্নাঘর সংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধ কক্ষে গ্যাস জমে যায়। তিনি আরও বলেন, সকালে ওই ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করছি। ওই কক্ষ থেকে আমরা একটি গ্যাস লাইটার পেয়েছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।



