যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তিতে দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি মূল্যবৃদ্ধি ও পণ্যের দাম
মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। অন্যথায় আমদানি-রপ্তানি ব্যয় হ্রাস করা সম্ভব হবে না।’
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু
সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এসব মিল-কারখানা চালু করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
মূল্যস্ফীতি প্রসঙ্গে
বর্তমান মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমান মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাময়িক এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না।



