ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ঢাকা উত্তর সিটির আওতাধীন অস্থায়ী ১০টি হাট এবং স্থায়ী গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত কোনও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গরুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুঁটির জন্য ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন বলেন, এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি। এমন কোনও সত্যতা পাইনি। কারও কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি নেওয়া হচ্ছে না।
তিনি আরও জানান, হাট ব্যবস্থাপনা নিয়ে যেসব অভিযোগ সামনে এসেছে, তা খতিয়ে দেখা হয়েছে। তদন্তে ৫ শতাংশ হাসিলের বেশি অতিরিক্ত টাকা নেওয়ার কোনও সত্যতা পাওয়া যায়নি। প্রশাসক আরও বলেন, হাটে কোনও ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নজরদারি বাড়ায়।



