ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দুই গুরুত্বপূর্ণ সেতু পদ্মা ও যমুনা সেতুতে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। গত ২৪ ঘণ্টায় দুটি সেতু দিয়ে মোট ৬৪ হাজার ৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৭ কোটি ৭৯ হাজার ৪০০ টাকা।
পদ্মা সেতুতে যানবাহন চলাচল
শনিবার (২৩ মে) পদ্মা সেতু ও যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ১১১টি যানবাহন চলাচল করেছে। এতে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার টাকা।
যমুনা সেতুতে যানবাহন চলাচল
অপরদিকে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজা দিয়ে একই সময়ে পারাপার হয়েছে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।
ঈদযাত্রায় প্রস্তুতি
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই প্রান্তে ইটিসিসহ মোট ১৯টি টোল বুথ সচল রাখা হয়েছে। এখন পর্যন্ত যানবাহনের চাপ স্বাভাবিক থাকলেও আগামী দু-একদিনে চাপ আরও বাড়তে পারে বলেও জানানো হয়।
এদিকে যমুনা সেতু সাইট অফিস সুত্র জানায়, উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।



