কাঁচা পাট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। মঙ্গলবার সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর
খুলনার দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকরা নগরীর রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ও শ্রমিকনেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রমিক নেতাদের অভিযোগ
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রফতানির ওপর ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটে পড়েছে। গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিকরা দ্রুত কাঁচা পাট রফতানি শুরুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিজেএ’র সংবাদ সম্মেলন
একই সময়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রফতানি কার্যত বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, ‘দ্রুত কাঁচা পাট রফতানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে পড়বে।’



