বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসযাত্রী ও ট্রাক চালকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিবরণ
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরগুনার পাথরঘাটাগামী ‘আলিফ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসে থাকা ৫ জন যাত্রী এবং ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
উদ্ধার ও চিকিৎসা
পরে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ মোহসীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।’



