বিইউবিটিতে তৃতীয় এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
বিইউবিটিতে তৃতীয় এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উৎসব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক শ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনভর চলে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াই।

তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬

আজ শনিবার ছিল ‘তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’–এর জাতীয় পর্ব। এতে অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। সকাল আটটায় অংশগ্রহণকারীদের নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জে অংশ নেয়। সকাল ৯টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত চলে এআই কোডিং প্রতিযোগিতা। পাশাপাশি সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আরেক দল অংশ নেয় এআই কুইজ প্রতিযোগিতায়।

বিশেষ সেশন ও বক্তব্য

এরপর কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে জাদু পিসির স্বল্প মূল্যের কম্পিউটার নিয়ে একটি সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানটির এআই প্রকৌশলী সাইফুল ইসলাম। এরপর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি ও মিলিয়ন এক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য মুনির হাসান ‘টেনএক্স মাইন্ড’ বিষয়ে বিশেষ বক্তব্য দেন। বক্তব্যে তিনি আগামী প্রজন্মের চিন্তাশক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরে বিইউবিটি কালচারাল ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশ্নোত্তর পর্ব

দুপুর সাড়ে ১২টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীরা এআই–সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন আসিফ ইকবাল, লিংক থ্রি টেকনোলজিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা রাকিবুল হাসান, আইটি প্রতিষ্ঠান ‘আইকনিক’–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাইফুল ইসলাম, ‘রিভ চ্যাট’–এর হেড অব গ্রোথ মামুনুর রউফ এবং ‘কানেক্টেড এজেন্টস’–এর টেক লিড মোতাসিম বিল্লাহ মৃদুল শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজয়ী যারা

পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআই কুইজ বিভাগে ১৪ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এআই কোডিং চ্যালেঞ্জে ‘সেরাদের সেরা’ নির্বাচিত হয় হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের লাবিব শাহরিয়ার। পুরস্কার হিসেবে সে একটি ট্রফি ও থ্রি–ইন–ওয়ান জাদু পিসি পায়। এআই কুইজ বিভাগে ‘সেরাদের সেরা’ হয় চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সায়েদ মোহাম্মদ রাফান। তাকেও ট্রফি ও জাদু পিসি দেওয়া হয়। কোডিং বিভাগে মেয়েদের মধ্যে সেরা হয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নুজহাত বিনতে নাজিম। তাকে একটি জাদু পিসি দেওয়া হয়।

এআই কোডিং চ্যালেঞ্জের অন্য বিজয়ীরা হলো নটর ডেম কলেজের ত্রিদিব রায় অর্ঘ্য, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আরিয়ান আবরার চৌধুরী, দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ঢাকা কলেজের মো. শোয়েব হাসান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আকীদ ইকবাল হক, নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চবিদ্যালয়ের নিশান সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের নাইরাহ নাওয়ার আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীর মুয়াজ আবদুল্লাহ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের মুহতাসিম ইশমাম, মাইলস্টোন কলেজের মো. জাফর সাদিক আকন্দ, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আবদুল্লাহ এবং বরিশালের অমৃতলাল দে কলেজের জুয়াইরিয়া অপ্সরা।

এআই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলো রাজউক উত্তরা মডেল কলেজের খুবাইব মুশফির, কুমিল্লা জিলা স্কুলের আবু ইশরাক জিৎ, সৃষ্টি একাডেমিক স্কুলের তাহমিদ আহমেদ, নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের আতিক হাসান তানভীর, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সুপ্রতিক নাথ, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের (এলআইএস) কাজী মুস্তাওয়াস্সিতুল হক, সাউথ ব্রিজ স্কুল উত্তরার সাজিদ নূর আয়মান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের আবদুল্লাহ আল খালিদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের সাদিয়া মাহজাবিন, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মুস্তানির চৌধুরী রাকিন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের শাহ মো. সাব্বির, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের আরিফুল ইসলাম এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. তকী আবরার চৌধুরী। বিজয়ীদের মেডেল, টি–শার্ট ও সনদ দেওয়া হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানের বাস্তবতা

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মুনশি মাহবুবুর রহমান এবং কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন মুহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক মো. আহসান হাবীব।

অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তি হলে শতভাগ ওয়েভার সুবিধা পাওয়ার ঘোষণা দিয়ে অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি বর্তমানের বাস্তবতা। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নেবে। অধ্যাপক মো. আহসান হাবীব বলেন, এ প্রতিযোগিতা শুধু পুরস্কার জয়ের আয়োজন নয়। প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি আগ্রহ তৈরি করাও এর লক্ষ্য।

১৮ থেকে ২০ মে জাতীয় ক্যাম্প

আয়োজক সংস্থা বিডিওএসএন জানায়, এই পর্বের বিজয়ীরা ১৮ থেকে ২০ মে জাতীয় ক্যাম্পে অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিতদের নিয়ে এশিয়া–প্যাসিফিক এআই অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে। পাশাপাশি আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্যও দল নির্বাচন করা হবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক টানা তৃতীয়বারের মতো এ অলিম্পিয়াডের আয়োজন করে। প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট ছিল বিইউবিটি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল রিভ চ্যাট। গোল্ড স্পন্সর ছিল ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, আর ব্রোঞ্জ স্পন্সর ছিল বিটনা। সহযোগী হিসেবে যুক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, দীপ্ত টিভি, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডট কম ও জাদু পিসি।