বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ১৯ দল, বিদায় নিল ৮ দল
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ১৯ দল, বিদায় ৮

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ছয় গ্রুপের সব ম্যাচ শেষে ১৯টি দল ইতোমধ্যে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে নিশ্চিতভাবে বিদায় নিয়েছে আটটি দল। বাকি ছয় গ্রুপের ২১টি দল এখনও লড়াই করছে শেষ ১৩টি নকআউটের টিকিটের জন্য।

নতুন ফরম্যাট ও নকআউট নির্ধারণ

নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ জায়গা করে নেয়। তাদের সঙ্গে যোগ দেয় সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব থার্টি টু'র ম্যাচগুলো। ফিফার নির্ধারিত নিয়মে সম্ভাব্য ৪৯৫টি ভিন্ন বিন্যাসের মধ্যে সূচি চূড়ান্ত করতে হচ্ছে। তবুও এরই মধ্যে আটটি দল নিশ্চিতভাবে জেনে গেছে তাদের পরবর্তী প্রতিপক্ষের নাম।

ব্রাজিল-জাপান: নকআউটের অন্যতম আকর্ষণ

রাউন্ড অব থার্টি টু'র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপানের লড়াই। 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে 'এফ' গ্রুপের রানার্সআপ জাপান। সুইডেনের বিপক্ষে জাপানের ড্রয়ের ফলেই এই ম্যাচটি নিশ্চিত হয়েছে। আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা বাড়িয়েছে সাম্প্রতিক পরিসংখ্যানও। ২০১৯ সালের পর কোচ হাজিমে মরিয়াশুর অধীনে ইউরোপের কোনো দলের কাছে হারেনি জাপান। শুধু তাই নয়, ২০২৫ সালেই ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর অভিজ্ঞতাও রয়েছে এশিয়ার দলটির। ফলে দুই দলের এই লড়াইকে নকআউট পর্বের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরক্কো-নেদারল্যান্ডস হাইভোল্টেজ ম্যাচ

অন্যদিকে আরেকটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও নেদারল্যান্ডস। মঙ্গলবার (৩০ জুন) সকালে কানাডার মন্টেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ফিফা র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা মরক্কো এবং আট নম্বরে থাকা নেদারল্যান্ডস—দুই দলই সেমিফাইনালের সম্ভাব্য দাবিদার। তাই প্রথম নকআউট পর্বেই তাদের একজনকে বিদায় নিতে হবে।

স্বাগতিকদের প্রতিপক্ষ নির্ধারিত

স্বাগতিক তিন দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা ইতোমধ্যেই নিজেদের প্রতিপক্ষ জেনে গেছে। যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, আর কানাডা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফলে দুই স্বাগতিককেই শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে এখনও কয়েকটি সমীকরণ বাকি রয়েছে। জার্মানি, আর্জেন্টিনা, আইভরি কোস্ট, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড নিজেদের ম্যাচের সময়সূচি জানলেও প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। বাকি ছয়টি গ্রুপের খেলা শেষ হওয়ার পরই রাউন্ড অব থার্টি টু'র পূর্ণ সূচি প্রকাশ পাবে।

বিদায় নেওয়া দলগুলো

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হওয়া দলগুলো হলো- তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডান।

নকআউট পর্বের নিয়ম

নকআউট পর্বে প্রতিটি ম্যাচ হবে সরাসরি বাদ পড়ার লড়াই। নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হলে হবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী। তাই এখন থেকে প্রতিটি ম্যাচই হবে টিকে থাকার যুদ্ধ, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন।