বিশ্বকাপের নকআউট পর্ব শুরু: কানাডা-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি
বিশ্বকাপ নকআউট: কানাডা-দক্ষিণ আফ্রিকা লড়াই

আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের শেষ ৩২ তথা নকআউট পর্ব। রবিবার রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যাদের কেউই এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে খেলেনি। ফলে যে দল জিতবে, নতুন ইতিহাস লিখবে।

আফ্রিকার দাপট

৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে সবচেয়ে বেশি লাভ হয়েছে আফ্রিকার। মহাদেশটির ৯টি দল শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। তাদেরই অন্যতম প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা এবং প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে।

কানাডার চ্যালেঞ্জ

অন্যদিকে কানাডাও শেষ ৩২-এ উঠেছে। তবে গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গ্রুপসেরা হওয়ার সুযোগ হারায় তারা। ফলে নিজেদের মাটির বদলে তাদের যুক্তরাষ্ট্রে খেলতে হচ্ছে। কানাডার মার্কিন কোচ জেসি মার্শ আশা করছেন, চোট কাটিয়ে ফেরা তারকা আলফোনসো ডেভিস দলের জন্য বড় পার্থক্য গড়ে দেবেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো গ্রুপ পর্বে খেলতে পারেননি বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডেভিসের প্রত্যাবর্তন

শনিবার মার্শ বলেছেন, ‘আলফোনসো এখন পুরোপুরি সুস্থ এবং খেলতে প্রস্তুত। এটি দলের জন্য বড় একটি মুহূর্ত এবং বিশাল প্রেরণা। সে আমাদের এক্স-ফ্যাক্টর। মাঠে তার উপস্থিতি, তাকে ঘিরে সতীর্থদের বিশ্বাস এবং নিজের প্রতি তার আত্মবিশ্বাস, সব মিলিয়ে আমাদের দলের সম্ভাবনাই বদলে যায়। এই টুর্নামেন্টে আমরা কী করতে পারি, সেটাও তার উপস্থিতি বদলে দিতে পারে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বেলজিয়ান কোচ হুগো ব্রুস অবশ্য শেষ ৩২-এ ওঠাকেই বড় সাফল্য হিসেবে দেখছেন। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি, ‘এখনই বলতে পারি, আমাদের জন্য এই বিশ্বকাপ সফল। কিন্তু তার মানে এই নয় যে আমরা শুধু মাঠে নেমে হেরে দেশে ফিরে যেতে চাই। একবার যখন এখানে এসেছি, তখন আরও এগিয়ে যেতে চাই। আমরা আগামীকালের ম্যাচ জিততে চাই। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেভাবে খেলেছি, সেই মানসিকতা ও পারফরম্যান্স দেখাতে পারলে আমাদের জয়ের সুযোগ থাকবে। যদিও কানাডা খুবই কঠিন প্রতিপক্ষ।’