স্পেনের অনুশীলনে ইয়ামাল-গাভি। এএফপি। স্পেনের বিশ্বকাপ অভিযান এখন পর্যন্ত প্রায় নিখুঁত। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া তারা সব ম্যাচ জিতেছে। শেষ ১৬-এ পর্তুগালকে হারানো তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি স্পেন। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ছয় ম্যাচে গোল না খাওয়া প্রথম দল তারা। গোলকিপার উনাই সিমনকে খুব কঠিন পরীক্ষা দিতে হয়নি। স্পেনের বিপক্ষে শট হয়েছে মাত্র ১৯টি, যার মধ্যে পোস্টে ছিল মাত্র ৬টি।
স্পেনের আক্রমণে এখনো ছন্দের অভাব
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের একটাই খচখচানি থাকবে, দলের আক্রমণটা এখনো সেরা ফর্মে আসেনি। লামিনে ইয়ামাল চোট থেকে ফেরার পর পুরো ছন্দে ফেরেননি। মূল ভরসা তাই এই বিশ্বকাপে এরই মধ্যে চার গোল করে ফেলা মিকেল ওয়াইরসাবাল। মধ্যমাঠে রদ্রি, পেদ্রি, ওলমোরা নিজেদের কাজ করে যাচ্ছেন ঠিকঠাক। দানি ওলমো বলেন, 'আমরা এমন একটি দল, যেখানে সবাই আক্রমণ করে এবং সবাই রক্ষণে সাহায্য করে। কোচ বলেন, দলের নাম্বার নাইন (স্ট্রাইকার) হলো প্রথম ডিফেন্ডার। এরপর বাকিরা তাকে অনুসরণ করে।'
বেলজিয়ামের চমকের আশা
বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া স্বীকার করেন, 'স্পেন অবশ্যই ফেবারিট। তবে প্রতিটি টুর্নামেন্টেই চমক থাকে...চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, বিশ্বকাপ—সব জায়গাতেই। সব সময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে। আমার মনে হয় এবার আমরা সেই চমকের একটি হতে পারি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিদায় করা অবশ্যই বড় একটি অঘটন হবে। তবে আমাদের আত্মবিশ্বাস আছে।' বেলজিয়াম এখন পর্যন্ত চমক দিয়েছে। ইরান ও মিসরের বিপক্ষে ড্র করার পর গ্রুপ পর্ব পেরোনো কঠিন ছিল। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলেও সেনেগালের বিপক্ষে শেষ ৩২-এ তারা ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিন গোল করে জিতে যায়। শেষ ১৬-তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডোকু, ডি ব্রুইনা, লুকাকুবিহীন বেলজিয়াম স্বাগতিকদের উড়িয়ে দেয়।
পরিসংখ্যান ও ইতিহাস
বেলজিয়াম সর্বশেষ ১১ ম্যাচে স্পেনকে হারাতে পারেনি। তবে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে বেলজিয়াম স্পেনকে হারিয়েছিল। ১৯৯০ বিশ্বকাপে স্পেন সেই হারের শোধ নেয়। স্পেন কোচ দে লা ফুয়েন্তে বড় আসরের নকআউটে প্রথম সাত ম্যাচেই জেতার রেকর্ড স্পর্শ করতে পারেন। ইতালির ভিত্তোরিয়া পোজ্জো (১৯৩৪-৩৮) ও ভিসেন্তে দে বস্ক (২০১০-১২) এই কীর্তি অর্জন করেছেন। সব মিলে গত ৩৫ ম্যাচে অপরাজিত তাঁর দল। বেলজিয়ামের জন্য আজ অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে।



