স্কেটবোর্ডে ৩৯ দিনে ৩ হাজার মাইল পাড়ি, নিজের রেকর্ড ভাঙলেন চাদ কারুসো
স্কেটবোর্ডে ৩ হাজার মাইল, নিজের রেকর্ড ভাঙলেন চাদ কারুসো

নিজের গড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার লক্ষ্যে স্কেটবোর্ডে চড়ে মাত্র ৩৯ দিনে ৩ হাজার মাইলের বেশি পথ পাড়ি দিয়েছেন চাদ কারুসো। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে ফ্লোরিডায় পৌঁছান। গত ১ মে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ থেকে যাত্রা শুরু করেন এই স্কেটবোর্ডার। ৮ জুন ফ্লোরিডার জ্যাকসনভিলে গিয়ে তাঁর এ রোমাঞ্চকর যাত্রা শেষ হয়। এ সময় তিনি দিনে গড়ে ৭২ মাইল স্কেটবোর্ড চালিয়েছেন। কারুসো তাঁর এই যাত্রার বিস্তারিত ভিডিও ইউটিউবেও প্রকাশ করেছেন।

ইতালি পরিকল্পনা বদলে যুক্তরাষ্ট্র

অবশ্য এনবিসির সহযোগী সংবাদমাধ্যম ডব্লিউপিটিভিকে চাদ কারুসো জানান, শুরুতে তাঁর পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ছিল না; বরং স্কেটবোর্ডে চড়ে তাঁর ইতালিতে পাড়ি দেওয়ার কথা ছিল। এর আগে ২০২৩ সালে কারুসো ভেনিস বিচ থেকে ভার্জিনিয়া বিচ পর্যন্ত স্কেটবোর্ড চালিয়েছিলেন। সেবার তাঁর সময় লেগেছিল ৫৭ দিন ৬ ঘণ্টা ৫৬ মিনিট। ওই যাত্রার মাধ্যমেই তিনি স্কেটবোর্ডে সবচেয়ে দ্রুতগতিতে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন।

রেকর্ড ভাঙা ও মাদকমুক্ত জীবনের উদযাপন

কারুসো জানান, তাঁর এবারের যাত্রার উদ্দেশ্য মূলত দুটি; নিজের পুরোনো রেকর্ড ভাঙা এবং মাদক ও অ্যালকোহলমুক্ত জীবনের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করা। সংবাদমাধ্যম অ্যাকশন নিউজ জ্যাক্সকে চাদ কারুসো বলেন, ‘স্কেটবোর্ডিং আমাকে সব ধরনের বাজে কাজ থেকে দূরে রেখেছিল। সারা জীবন আমি এটাই করেছি। এটা নিয়ে আমার একধরনের পাগলামি ছিল। পরে একবার আহত হয়ে আমি এটি ছেড়েই দিয়েছিলাম।’ এই স্কেটবোর্ডার আরও বলেন, ‘তবে আবার স্কেটবোর্ডিংয়ে ফিরে এসেছি। এখন মনে হচ্ছে, জীবনের সবকিছু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠেছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাঁটুর চোটে প্রায় ভেস্তে যাচ্ছিল যাত্রা

তবে কারুসো জানান, হাঁটুতে গুরুতর চোট পাওয়ায় তাঁর এই স্কেটবোর্ড–যাত্রা প্রায় ভেস্তে যেতে বসেছিল। সংবাদমাধ্যম ডব্লিউপিটিভিকে কারুসো বলেন, ‘যাত্রার ঠিক আগে আমার হাঁটুর মেনিসকাস (তরুণাস্থি) ছিঁড়ে যায়। সেখানে একটি সিস্টও হয়েছিল। এরপর অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে আমি যখন যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই, অর্থাৎ যাত্রার মাত্র দুই মাস আগে জায়গাটি আবার ছিঁড়ে যায়।’ তারপরও অবশ্য পিছিয়ে যাননি কারুসো। নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করে পুরো যাত্রার খরচ জুগিয়ে তিনি এগিয়ে গেছেন। কারুসো জানান, পথে অনেক অপরিচিত মানুষ তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তাঁরা তাঁকে খাবার, পানি, এমনকি নগদ অর্থ দিয়েও সাহায্য করেছেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য তহবিল সংগ্রহ

কারুসোর এ যাত্রার মাধ্যমে ‘ন্যাচারাল হাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য তহবিলও সংগ্রহ করা হয়েছে। সংগঠনটি মূলত শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার পাশাপাশি মাদক ও অ্যালকোহল থেকে দূরে থাকতে সাহায্য করে।