ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারার পর সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন স্কটল্যান্ড কোচ
ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারার পর সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন স্কটল্যান্ড কোচ

ব্রাজিলের কাছে ৩-০ গোলের পরাজয়ের পর ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার সমীকরণ জটিল হয়ে গেছে স্কটল্যান্ডের। হতাশাজনক এই হারের পর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে মাত্র ২৩ সেকেন্ডের মধ্যেই চলে যান স্কটিশ কোচ স্টিভ ক্লার্ক।

ম্যাচের বিবরণ ও পরাজয়ের কারণ

বুধবার ভোরে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও মাতেউস কুনিয়ার এক গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। ম্যাচে স্কটিশদের রক্ষণভাগের একাধিক ভুলই পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

এই হারের ফলে তিন ম্যাচ শেষে মাইনাস ৩ গোল ব্যবধান নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। এখন তাদের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোচের প্রতিক্রিয়া ও সাক্ষাৎকারে বিরক্তি

ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্লার্কের কণ্ঠে স্পষ্ট ছিল হতাশার ছাপ। ম্যাচ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা নিজেরাই নিজেদের কাজটা কঠিন করে ফেলেছি, ব্যস এতটুকুই।” ব্রাজিলের গোলগুলোর পেছনে স্কটল্যান্ডের রক্ষণভাগের দায় নিয়ে তিনি বলেন, “আমরাই ওদের গোলগুলো উপহার দিয়েছি। ম্যাচটা যেভাবে ওরা চেয়েছিল, ঠিক সেভাবেই তাদের হাতে তুলে দিয়েছি। এটা খুবই হতাশাজনক।”

তবে পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা ও অপেক্ষার প্রহর নিয়ে প্রশ্ন করা হলে ক্লার্ক স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “আমি এটা নিয়ে ভাবতেই চাই না। দুঃখিত, এই মুহূর্তে আমি এটা নিয়ে ভাবছি না।” এরপরই সাক্ষাৎকার শেষ না করেই তিনি সেখান থেকে হেঁটে চলে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার

পরে অবশ্য আবারও গণমাধ্যমের মুখোমুখি হন স্কটল্যান্ড কোচ। সেখানে তিনি স্বীকার করেন, নিজেদের ভুলের কারণেই ম্যাচটি হাতছাড়া হয়েছে। ক্লার্ক বলেন, “প্রতিপক্ষের আক্রমণভাগের মান সবাই দেখেছে। সত্যি বলতে, সেরা দলটাই জিতেছে। এই গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যেও আমাদের খেলোয়াড়রা অসাধারণ পরিশ্রম করেছে। কিন্তু এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে।”

ম্যাচের শুরুটা ইতিবাচক ছিল বলেও উল্লেখ করেন তিনি। ক্লার্ক বলেন, “প্রথম চার-পাঁচ মিনিট আমরা ভালো খেলেছি, বলের নিয়ন্ত্রণও ছিল আমাদের কাছে। কিন্তু এরপর একটি ভুল করি, আর এই পর্যায়ের ফুটবলে এমন ভুলের মূল্য চুকাতেই হয়।”

গ্রুপ পর্বের সূচি নিয়ে আক্ষেপ

গ্রুপ পর্বের সূচি নিয়েও আক্ষেপ ঝরে পড়ে তার কণ্ঠে। “প্রথম ম্যাচে ভালো ফল পাওয়ার পর পরের দুই ম্যাচে বিশ্বের পাঁচ ও ছয় নম্বর দলের বিপক্ষে খেলতে হয়েছে আমাদের। বাস্তবতা হলো, এটাই আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ,” বলেন স্কটিশ কোচ।

সবশেষে বিশ্বকাপে দলের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে ক্লার্ক বলেন, “আমার মনে হচ্ছে আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি।”