বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ ছন্দে ছিলেন বর্তমান সময়ের প্রায় সকল তারকা ফুটবলাররাই। লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হালান্ড করেছেন জোড়া গোল, ব্রাজিলের ভিনিসিয়ুসও গোলের দেখা পেয়েছেন।
পর্তুগালের হতাশাজনক শুরু
অন্যদিকে প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটাতে পারেনি পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে তারা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স।
পুরো ম্যাচজুড়েই নিজেকে মেলে ধরতে পারেননি পর্তুগিজ মহাতারকা। প্রথমার্ধে যেমন ছিলেন নিষ্প্রভ, দ্বিতীয়ার্ধেও তেমন কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। ম্যাচজুড়ে কয়েকবার বলের দখল পেলেও প্রতিপক্ষের গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেননি রোনালদো।
বেশ কিছু সম্ভাবনাময় সুযোগ নষ্ট করায় হতাশ হয়েছেন তার ভক্ত-সমর্থকরা। শেষ পর্যন্ত জয় না পেয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।
রোনালদোর গোলখরা আরও দীর্ঘ
এই ম্যাচে গোলের দেখা না পাওয়ায় বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচে আর কোনো গোল করতে পারেননি তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় আসরে এটিই রোনালদোর দীর্ঘতম গোলশূন্য সময়। ওপেন প্লে থেকে সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন ইউরো ২০২০ (আসরটি হয়েছিল ২০২১-এ) জার্মানির বিপক্ষে ম্যাচে। অর্থাৎ মেজর টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোলের দেখা পাননি রোনালদো! তার মতো বড় তারকা এবং বিশের সেরাদের একজন হিসেবে এই পরিসংখ্যানটি বেশ লজ্জাজনকই বলা যায়।
- পরবর্তী খেলা: গ্রুপ এ, রাত ১০টা, চেক প্রজাতন্ত্র – দক্ষিণ আফ্রিকা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
- শুক্রবার ১৯ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা, সুইজারল্যান্ড – বসনিয়া ও হার্জেগোভিনা, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
- শুক্রবার ১৯ জুন ২০২৬ [গ্রুপ বি] ভোর ৪টা, কানাডা – কাতার, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, কানাডা



