নেত্রকোনায় ফুটবলপ্রেমীদের মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন
নেত্রকোনায় ফুটবলপ্রেমীদের মাদকবিরোধী লাল কার্ড

নেত্রকোনার দুর্গাপুরে আর্জেন্টিনা ও জর্ডানের জার্সি পরে মাদককে লাল কার্ড দেখান ফুটবলপ্রেমীরা। আজ রোববার সকাল নয়টার দিকে পৌরসভার কলেজ রোড এলাকায় দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সেখানে আর্জেন্টিনা–জর্ডানের ফুটবল খেলা উপভোগ করেন।

মাদকবিরোধী শপথ ও বক্তব্য

আয়োজক সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়ের পরিচালনায় মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান শিক্ষার্থী রাতুল খান। এর আগে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম তালুকদার মাদকের বিভিন্ন কুফল নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, ঠিক তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি তরুণ ও যুবকদের নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাঠের এই লাল কার্ড যেন প্রতিজনের মনে মাদকের বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। আমরা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এমন উদ্যোগ নেওয়ার জন্য এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে সৈকত সরকার বলেন, ‘মাদক একটি জাতিকে রুগ্ণ ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। আজ খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিয়ে মাদককে লাল কার্ড প্রদর্শন করেছি। সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ