ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত প্রায় ২ হাজার
গত ২৬ জুন ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ পাওয়া তথ্যে, এ দুর্যোগে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
মেসির আবেগঘন বার্তা
এমন বিপর্যয়ের পর ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।’
নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষের দুর্দশার কথাও উল্লেখ করেন মেসি। তিনি বলেন, ‘যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন রইল।’
ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে সাহস ও শক্ত থাকার আহ্বান জানিয়ে আর্জেন্টাইন এই তারকা বলেন, ‘এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’
রোনালদোর মানবিক উদ্যোগ
এদিকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। ভূমিকম্পে সবকিছু হারানো ভেনেজুয়েলার এক শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ব্যক্তিগত ভিডিও বার্তায় রোনালদো শিশুটিকে উদ্দেশ করে বলেন, ‘আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো!’
সামাজিক মাধ্যমে প্রশংসা
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের দুই কিংবদন্তির এই মানবিক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও তারা ভেনেজুয়েলার প্রতি সমর্থন জানিয়েছেন।



