১৯৪ বছর বয়সী জোনাথন: বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ
১৯৪ বছর বয়সী জোনাথন: বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ

কিছু প্রাণী মানুষের চেয়ে অনেক বেশি সময় বাঁচে, তবে একটি কচ্ছপ যেন ইতিহাসকে ছুঁয়ে বেঁচে আছে প্রায় দুই শতাব্দী ধরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, সেন্ট হেলেনা দ্বীপের 'জোনাথন' নামের একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বয়সী স্থলচর প্রাণী এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জোনাথনের বর্তমান বয়স ১৯৪ বছর। ১৮৩২ সালের দিকে জন্ম নেওয়া এই কচ্ছপটি ব্রিটেনের ভিক্টোরিয়ান যুগ, লন্ডনের টাওয়ার ব্রিজ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও পুরোনো! বিজ্ঞানসম্মতভাবে 'আলডাব্রাছেলিস জিগান্টিয়া হলোলিসা' নামের এই সেশেলস জায়ান্ট কচ্ছপটি বর্তমানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে বাস করছে।

বার্ধক্যের কারণে জোনাথন তার ঘ্রাণশক্তি হারিয়েছে। তবে তার পরও সে বেশ ভালো আছে এবং তার খাওয়ার রুচিও দারুণ বলে জানিয়েছেন স্থানীয় পশুচিকিৎসকেরা। বিশেষজ্ঞরা এখন জোনাথনের ডিএনএ নিয়ে গবেষণা করছেন। কারণ, মানুষের কোষের মতো তার শরীরের কোষগুলো পরিবর্তিত হয় না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, এই গবেষণা থেকে মানুষের দীর্ঘায়ু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছেন গবেষকেরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় বাসিন্দাদের কাছে অবশ্য সে 'জোনো' নামে পরিচিত। বর্তমানে গভর্নরের বাসভবনের বাগানে আরও তিনটি কচ্ছপের সঙ্গে বেশ শান্তিতেই দিন কাটছে তার। সেখানে ঘাস খাওয়া আর রোদে পিঠ দিয়ে পড়ে থাকাই তার পছন্দের কাজ। আর নিজের জন্মদিনে নিরামিষ কেক কেটে উদযাপন করার জন্যও জোনাথনের বেশ খ্যাতি রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ