বিশ্বকাপে শেষ ৩২ আগেই নিশ্চিত হয়ে গেছে জার্মানির। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে গেলেও তা তাদের বিপদে ফেলেনি। তবে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলের পরাজয়ে সন্তুষ্ট নন জার্মান কোচ হুলিয়ান নাগেলসমান। ম্যাচ শেষে বলেছেন, দলটি আসলে কৌশলগতভাবে আত্মহত্যা করেছে।
ম্যাচের বিবরণ
বৃহস্পতিবার নিউ জার্সিতে গ্রুপ ‘ই’-এর ম্যাচে মাত্র দুই মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে সাত মিনিট পরই সমতা ফেরান ইকুয়েডরের নিলসন আঙ্গুলো। নকআউটে ওঠার লড়াইয়ে থাকা ইকুয়েডর এরপর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে গ্রুপে তৃতীয় হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ইকুয়েডর।
কোচের প্রতিক্রিয়া
ম্যাচ শেষে নাগেলসমান বলেছেন, ‘আমরা দারুণ শুরু করেছিলাম। কিন্তু গোল করার পরই নিজেদের অবস্থানগত ভুলে আমরা যেন কৌশলগত আত্মহত্যা করেছি। এতে ম্যাচ আমাদের জন্য কঠিন হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘ইকুয়েডরের সামনে নকআউটে ওঠার সুযোগ ছিল। তাই তারা শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে এটাও বলতে পারি না যে আমার কোনো খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করেনি। বিষয়টি এতটা সহজ নয়।’
পরবর্তী লক্ষ্য
নাগেলসমান স্বীকার করেন, নকআউটের আগে হার নিয়ে যেতে চাননি তিনি, ‘হার কখনোই ভালো নয়, এমনকি যখন গ্রুপ সেরা হওয়ার অবস্থানও ঝুঁকিতে থাকে না। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। আমরা অনেক ম্যাচ জিতেছি, একটি হেরেছি। এখন সোমবারের ম্যাচে ভালো শুরু করে পরের রাউন্ডে ওঠাই লক্ষ্য।’



