আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর নকআউট লড়াইয়ে আর্জেন্টিনা ও মিশর মাঠে নামবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে। ৩৬ বছর বয়সি এই রেফারিকে দায়িত্ব দিয়েছে ফিফা।
ল্যাতেক্সিয়ের অভিজ্ঞতা ও রেকর্ড
ল্যাতেক্সিয়ে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতিভাবান রেফারি হিসেবে পরিচিত। ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে লিগ ওয়ানে ম্যাচ পরিচালনা করে ফরাসি ফুটবলের শীর্ষ স্তরের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে রেকর্ড গড়েন। ২০১৭ সালে ফিফার ব্যাজ অর্জন করেন।
চলতি বিশ্বকাপে ইতিমধ্যে দুটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। গ্রুপ পর্বে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলের জয় এবং কেপ ভার্দে-সৌদি আরবের গোলশূন্য ড্রয়ের ম্যাচে বাঁশি বাজান। এছাড়া ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ ও ২০২৪ ইউরোর মতো বড় মঞ্চে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার।
আর্জেন্টিনার ডিফেন্ডারের পুরনো স্মৃতি
আর্জেন্টিনা বা মিশরের কোনো সিনিয়র আন্তর্জাতিক ম্যাচেই আগে বাঁশি বাজাননি ল্যাতেক্সিয়ে। তবে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর জন্য তিনি অচেনা নন। ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক লিওঁতে খেলা তাগলিয়াফিকোকে গত ২২ মার্চ মোনাকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেছিলেন ল্যাতেক্সিয়ে। সেই ম্যাচে লিওঁ ২-১ ব্যবধানে হেরেছিল।
ম্যাচের রেফারি প্যানেল
- প্রধান রেফারি: ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ে (ফ্রান্স)
- সহকারী রেফারি ১: সিরিল মুনিয়ে (ফ্রান্স)
- সহকারী রেফারি ২: মেহেদি রাহমুনি (ফ্রান্স)
- চতুর্থ অফিশিয়াল: এস্পেন এসকাস (নরওয়ে)



