নেদারল্যান্ডসের স্ট্রাইকার কোডি গাকপো বিশ্বকাপে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে এক হৃদয়বিদারক খবর পেয়েছেন তিনি। গর্ভাবস্থায় মারা গেছে তাদের অনাগত সন্তান। তবে সন্তান হারানোর সেই শোক সঙ্গী করেই নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ডাচ ফুটবলার।
মরক্কো ম্যাচের আগে শোকের খবর
শেষ বত্রিশে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় ৭টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে। গাকপোর স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনাগত সন্তান হারানোর খবর জানান। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গাকপো আবার নেদারল্যান্ডস দলে যোগ দেন।
কোচের বক্তব্য
দলের প্রধান কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, গাকপো মরক্কোর বিপক্ষে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ খেলার জন্য প্রস্তুত। সংবাদ সম্মেলনে কোমান বলেন, ‘আমরা খুবই দুঃখজনক একটি খবর পেয়েছিলাম। কোডি (গাকপো) এবং তার পরিবারের জন্য আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফরা সবাই মিলে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। গত কয়েকদিন তাকে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে এবং ফিরে এসে দলের সঙ্গে যোগ দিয়েছে।’
কেএনভিবির সমর্থন
নেদারল্যান্ডস ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)ও গাকপোর পাশে থাকার কথা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এটি খেলোয়াড়ের জীবনের অত্যন্ত বেদনাদায়ক একটি ব্যক্তিগত মুহূর্ত। গাকপো ও তার পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানানো হয়েছে।



