ইতিহাস লিখেছে কেপ ভার্দে। স্পেনের পর উরুগুয়ে, এরপর সৌদি আরব—টানা তিনটি ম্যাচ ড্র করে রূপকথা লিখল আফ্রিকার এই ছোট্ট দ্বীপদেশ। হিউস্টনের মাঠে সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে তারা। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।
কোচ বুবিস্তার আত্মবিশ্বাস
ম্যাচ শেষে কেপ ভার্দে কোচ বুবিস্তা সংবাদ সম্মেলনে আসেন দেশের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে। আবেগঘন পরিবেশে তিনি বলেন, ‘এই দল যা করে দেখিয়েছে, তার জন্য আমাদের নিজেদের এবং কেপ ভার্দের মানুষ গর্ব করতে পারে।’ আর্জেন্টিনার বিপক্ষে খেলা প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার।’
ক্ষুদ্র দেশের বড় অর্জন
জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার উপকূলের এই দ্বীপপুঞ্জের জনসংখ্যা লাখ পাঁচেকের সামান্য বেশি। ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দলটি এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই অপরাজিত। শুরুটা হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ ড্র।
ছোট দলগুলোর জন্য অনুপ্রেরণা
বুবিস্তা মনে করেন, তাঁদের এ সাফল্য বিশ্বের বাকি তথাকথিত ‘ছোট’ দলগুলোর জন্য এক দারুণ অনুপ্রেরণা। তাঁর ভাষায়, ‘অবশ্যই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। তবে একই সঙ্গে আমরা আফ্রিকারও প্রতিনিধি। এর বাইরে, আমরা বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। এটাই আমাদের মিশন। আমরা একটা উদাহরণ তৈরি করেছি যে—যদি আপনি মনোযোগ আর দৃঢ়তা নিয়ে কাজ করেন, তবে আজ হোক বা কাল, লক্ষ্যে পৌঁছাবেনই।’
আর্জেন্টিনার বিপক্ষে লড়াই
গ্রুপ রানার্সআপ হয়ে রূপকথার যে যাত্রা তারা শুরু করেছে, নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে তা কোন বাঁক নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল–বিশ্ব। বুবিস্তা অবশ্য ম্যাচের ফল নিয়ে এখনই ভাবছেন না, তাঁর কাছে বড় প্রাপ্তি বিশ্ব ফুটবলে দেশের নাম উজ্জ্বল করাটাই।



