গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে শক্ত প্রতিপক্ষের শঙ্কা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ড্র করার পর পরের দুই ম্যাচে লাতিন ছন্দ দেখিয়ে গ্রুপ-সি-এর চ্যাম্পিয়ন দল হয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এই ম্যাচে জোড়া গোল পেয়েছেন ভিনুসিয়াস জুনিয়র। এছাড়া ফিরেছেন দলের তারকা নেইমার। সবই স্বস্তির হলেও এর ফাঁকেও একটি অস্বস্তি উঁকি দিচ্ছে ব্রাজিল শিবিরে।
রাউন্ড অব ৩২-এ সম্ভাব্য প্রতিপক্ষ
হিসাব অনুযায়ী গ্রুপ-সি-এর শীর্ষ দল ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ-এফ-এর রানারআপদের। ২৯ জুন হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিল ম্যাচটিতে মাঠে নামবে। গ্রুপ-এফ-এর দলগুলো হলো- নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে তিউনিসিয়া ছিটকে পড়েছে। তবে বাকি তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
বর্তমানে গ্রুপের শীর্ষ দল নেদারল্যান্ডস। দুইয়ে জাপান ও তিনে সুইডেন। এখান থেকে গ্রুপের ফাইনাল ম্যাচ শেষে যে দল দুইয়ে অর্থাৎ রানার্সআপ থাকবে তারা হবে ব্রাজিলের পরের রাউন্ডের প্রতিপক্ষ।
গ্রুপ এফ-এর শেষ ম্যাচের সম্ভাব্য ফল
বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডস-তিউনিসিয়া ও জাপান-সুইডেন মুখোমুখি হবে। যদি নেদারল্যান্ডস ও জাপান নিজেদের ম্যাচে জিতে যায় সেক্ষেত্রে গোলের হিসাবে এক দল হবে চ্যাম্পিয়ন আরেকটি রানার্সআপ। বর্তমানে এই দুই দলের গোল ব্যবধান সমান। আজকে দুই দলই জিতলে যে বেশি ব্যবধানে জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
আবার নেদারল্যান্ডস জয় পেলে তারা গ্রুপের এক নম্বর দল হবে- এটা নিশ্চিত। তবে নেদারল্যান্ডস ড্র করলে বা হারলে ও জাপান-সুইডেন ম্যাচে এক দল জিতলে তারা হবে চ্যাম্পিয়ন। নেদারল্যান্ডস তখন রানার আপ হবে। তখন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ডাচরা।
আবার জাপান-সুইডেন ম্যাচ ড্র হলে, নেদারল্যান্ডস হারলে তখন জাপান হবে শীর্ষ দল। আর নেদারল্যান্ডস থাকবে দুইয়ে। নেদারল্যান্ডস তিনেও চলে যেতে পারে, সেক্ষেত্রে অনেক সমীকরণ রয়েছে।
ব্রাজিলের জন্য সম্ভাব্য প্রতিপক্ষ
গ্রুপ এফ-এ যে দল দ্বিতীয় হবে তারাই হবে ব্রাজিলের প্রতিপক্ষ। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের যে কেউই প্রতিপক্ষ হতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন্সদের।



